চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার: খায়রুল কবির খোকন

চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, কোনো ঠিকাদার কাজ পাওয়ার পর সিডিউল অনুযায়ী কাজ করবেন। কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে দলের কেউ ঠিকাদারদের কাছ থেকে চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার বই বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন। লুটপাট করা তাদের দায়িত্ব নয়। জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের কল্যাণে কাজ করতে আমরা বাধ্য।

তিনি আরো বলেন, দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে। জনগণ ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছে এবং আমাদের ওপর আস্থা রেখেছে। আমরা জনগণের সেবা করতে চাই। জনগণের স্বার্থে বরাদ্দ করা একটি টাকাও কেউ দুর্নীতি করতে পারবেন না, করতে দেওয়া হবে না। বিএনপি যা বলে, তা করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ আলী ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অনেকে।

অনুষ্ঠানে ২১ জন উপকারভোগীর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন