বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের প্রথম নির্বাচনে নবী-টিপুর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে এদিন সকাল ১০টা থেকে জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলে। মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন। সাধারণ সম্পাদক ও পাঁচটি সদস্য পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩০ ভোটের ব্যবধানে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু (১৮৪ ভোট) পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজাকে (১৫৪ ভোট)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন—মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট), জাকির হোসেন (২৮১ ভোট), অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা (২১৮ ভোট)।
অন্যদিকে প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান পেয়েছেন ১১০ ভোট। এছাড়া সদস্য পদে হারুন অর রশীদ খান ৯১ ভোট এবং মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট।
সকাল থেকেই ভোটাররা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয় এবং সার্বিক নির্বাচনি ব্যবস্থা নিয়েও প্রার্থীরা কেউ কোনো প্রশ্ন তোলেননি।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই নির্বাচন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে চেষ্টা করেছি এবং সবার আন্তরিক সহযোগিতায় তা সম্ভব হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আরও শক্তিশালী হয়ে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা শাখার এই নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক বদরুন্নাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

