গাজীপুরে শ্রমিক অবরোধে ২৫ কিলোমিটার যানজট

গাজীপুরে শ্রমিক অবরোধে ২৫ কিলোমিটার যানজট

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সহিংসতা চালিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে শ্রমিকেরা অবস্থান নেন। তারা মহাসড়কের ওপর বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন বস্তু ফেলে সড়ক অবরোধ করে রাখেন।

বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টার টানা অবরোধে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে পোশাক কারখানার শ্রমিকেরা দলে দলে রাস্তায় নেমে আসেন।

তারা ‘ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা’ করার দাবিতে স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ তৈরি করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ঢাকাগামী কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক এবং শত শত ছোট যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। উত্তরবঙ্গ ও ঢাকামুখী হাজার হাজার যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েন। চরম এই যানজট ও দুর্ভোগের কারণে বাধ্য হয়ে বহু যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এর জবাবে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

শিল্প পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কারখানার জানমালের নিরাপত্তায় চন্দ্রা ও সফিপুর এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা আজকের মতো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মহাসড়ক সচল এবং যান চলাচল স্বাভাবিক করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন