চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক

চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক

চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এস এম আসলাম ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এস এম আসলাম একইসাথে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এবং টিএইচ তোফা সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। টিএইচ তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারাসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ডিটেনশনের আদেশ পেলে তাদের জেল হাজতে পাঠানো হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক (ওসি) জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে এবং পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে এবং বর্তমানে তারা ডিবি হেফাজতে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন