ফতুল্লায় বিদেশি মদসহ ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে দাপা ইদ্রাকপুর বালুরমাঠ এলাকা থেকে তাকে ও তার সহযোগী মোস্তাককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে ইদ্রাকপুর বালুরমাঠ এলাকার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে বিদেশি মদসহ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ফতুল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদককে বিদেশি হুইস্কিসহ আটকের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, উজ্জ্বল ব্যাপারী বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কীভাবে একটি রাজনৈতিক দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান, তা নিয়েও চলছে আলোচনা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, উজ্জল বেপারী ও মোস্তাক নামের দুইজনকে বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

