গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে তুলে চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে এসব টর্চার সেল কারা গড়ে তুলেছে এবং সেখানে কী ধরনের কার্যকলাপ হচ্ছে, তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ তোলেন ।
গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, চুরির ঘটনা এবং মহাসড়কে ছিনতাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, গাজীপুরের অন্তত তিন-চার জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে উঠেছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা আমাদের কাম্য নয়।’ কারা এসব সেল গড়ে তুলেছে, তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এমনকি এই অপকর্মের সঙ্গে যদি সরকারদলীয় কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য একটি নির্ভুল তালিকা প্রণয়নের দাবি জানিয়ে সংসদ সদস্য বলেন, অপরাধীদের নির্ভুল তালিকা প্রণয়ন করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি পুলিশকে সতর্ক করে বলেন, অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। চুরি ও ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল আরো জোরদার করার তাগিদ দেন তিনি।
এমপি মুজিবুর রহমানের এ অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেছে কিন্তু বর্তমান নতুন সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

