পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।

ছবি: আমার দেশ
ছবি: আমার দেশ

আহতরা হলেন পৌর সদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেলিম মিয়া নামের এক অটোরিকশাযাত্রী নিহত হন।

এ সময় সাইকেল আরোহী ও অটোরিকশার চালক এবং অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয়ের একজন মারা যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনন্যা পরিবহনের চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছেন, কিশোরগঞ্জ নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন