নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নরসিংদীর ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি পাম্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়িচালকরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি পাম্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালকরা। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার চালক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরাও।

খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম। তিনি আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর চালকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন