চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাড়া। বৈরী আবহাওয়া ও বৃষ্টির অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুর থেকে মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টার ও পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী সাধারণ যাত্রীরা।

সোমবার সকাল থেকেই থেমে থেমে ভারী বৃষ্টি হওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গাড়ি দেখলেই তারা উঠতে চেষ্টা করছে এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু পরিবহন শ্রমিক ও বাস কাউন্টার সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

কুড়িগ্রামের যাত্রী রফিক জানান, স্বাভাবিক সময়ের চেয়ে জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কেউ অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তাকে গাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়া যাত্রীরা বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

আরেক যাত্রী শামীম হোসেন বলেন, কাউন্টারে গিয়ে দেখি স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা চাচ্ছে। আমরা প্রতিবাদ করলেও তারা বলছে, ভাড়া দিলে যান, না হলে অপেক্ষা করেন। ঈদে বাড়ি যেতে হবে তাই বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়েছি।

টাঙ্গাইলগামী যাত্রী সুমাইয়া আক্তার বলেন, মুষলধারে বৃষ্টির মধ্যে ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি। গাড়ি কম আর যাত্রী বেশি হওয়ায় পরিবহন শ্রমিকরা সুযোগ নিচ্ছে। তারা স্পষ্টভাবে বলছে বাড়তি ভাড়া না দিলে সিট পাওয়া যাবে না। তাই কষ্ট হলেও বাড়তি টাকা দিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন জানান, বৈরী আবহাওয়া ও ঈদকে সামনে রেখে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এই সুযোগে কিছু অসাধু পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করছে। দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে যাত্রীদের ভোগান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানার ওসি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের হয়রানি না করতে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...