মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৩ জন শিক্ষার্থীর সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আড়িয়াল খা নদীর কোল ঘেঁষা এ বিদ্যালয়টির প্রত্যাশিত এ সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো সন্ন্যাসীরচর এলাকায় নেমে আসে আনন্দের আবহ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় উৎসাহ-উচ্ছ্বাস।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরই সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের শতভাগ পাসের খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের এ সাফল্যে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রম, ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রতি নিবিড় নজরদারি এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।
ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন কৃতী শিক্ষার্থীরা। এ সময় তারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সাফল্য উদযাপন করেন। একই সঙ্গে শিক্ষকরাও পরস্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। দীর্ঘদিনের পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পাওয়ায় বিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
কৃতী শিক্ষার্থী মো. রাকিব মিয়া এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, ভালো ফলাফলের জন্য তারা নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করেছেন। ভবিষ্যতেও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন,সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমি দীর্ঘ ১১ বছর ধরে এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। বিদ্যালয়টি প্রতিবছরই ভালো ফলাফল করে থাকে। এবারের শতভাগ পাস আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। ভবিষ্যতে বিদ্যালয়টির আরও সমৃদ্ধি কামনা করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মতিয়ার রহমান বলেন, এ গৌরবোজ্জ্বল অর্জন বিষয়ভিত্তিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এটি আমাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব।
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আগামী দিনেও বিদ্যালয়টি উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বলছেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে ভালো ফলাফল অর্জন সম্ভব। সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এবারের শতভাগ পাসের সাফল্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে তারা আশা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

