নরসিংদীর পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান এবং অভিভাবক আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। চলতি বছর পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের মূল্যায়নে এই সংবর্ধনার ব্যবস্থা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনগুলো মানবসম্পদ তৈরির দিন, আর এর জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। বিশ্ব এখন তথ্যপ্রযুক্তির ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। যারা এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবে, তারাই নিজেদের ভবিষ্যৎ সুন্দর করবে এবং দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে।
তিনি শিক্ষার্থীদের পাঠদানের প্রতি আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজ ও খেলাধুলার সাথে যুক্ত থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শতভাগ পাসের সাফল্য অর্জনকারী এই স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

