ফেরি করে চা বিক্রি মসজিদের ইমামের

ফেরি করে চা বিক্রি মসজিদের ইমামের

এক হাতে চা-কফির ফ্লাস্ক, মুখের অধিকাংশই মাস্ক দিয়ে ঢেকে রেখেছেন। মসজিদের ইমামতির বেতনে চলে না সংসার, তাই হৃদয়ে হালাল উপার্জনের দৃঢ় প্রত্যয়। প্রতিদিন পথে নামেন হাবিবুল্লাহ নামে এক যুবক। হাবিবুল্লাকে দেখা যায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রধান বাজারসহ বিভিন্ন হাটবাজারে। তার প্রধান পরিচয় তিনি একজন মসজিদের ইমাম। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সংসারের খরচ জোগাতে চা-কফি বিক্রি করে সংসার চালাচ্ছেন হাবিবুল্লাহ। তার এই জীবন-সংগ্রাম যেন বলে দেয়, কোনো সৎ কাজই ছোট নয়, পরিশ্রম কখনো অসম্মানের নয়।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে বসবাস করেন বাগেরহাট থেকে আসা এই যুবক। স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন তিনি। তবে ইমামতির সম্মানী দিয়ে পরিবারের সব খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। তাই সংসারের খরচ সামলাতে নামাজের এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্তের মধ্যবর্তী সময়ে শেখর গ্রাম থেকে প্রায় ছয়-সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসেন বোয়ালমারী পৌর সদরে। এরপর পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে দেন গরম চা ও কফি। হাবিবুল্লাহর কাছে এই ফ্লাস্ক চা-কফি বিক্রির উপকরণ নয়, এটি তার আত্মসম্মান, দায়িত্ববোধ ও পরিবারের জন্য নিরন্তর লড়াইয়ের প্রতীক।

বিজ্ঞাপন

একদিকে মসজিদে ইমামতি করে মানুষকে ধর্মের পথে চলার আহ্বান জানান, অন্যদিকে নিজের জীবনেও সততা ও হালাল উপার্জনের আদর্শ ধারণ করে চলেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, হাবিবুল্লাহর জীবন-সংগ্রাম আমাদের জন্য একটি বড় শিক্ষা। একজন মসজিদের ইমাম হয়েও সংসার চালানোর জন্য পথে পথে চা-কফি বিক্রি করতে তার কোনো দ্বিধা নেই। তিনি কারো কাছে হাত না পেতে নিজের শ্রম দিয়ে উপার্জন করছেন। তার এই সততা, আত্মসম্মান ও পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। আমি মনে করি, তার জীবন থেকে অনেকেই অনুপ্রেরণা নিতে পারেন।

শাহ আলম নামে এক ব্যবসায়ী বলেন, সংসারের দায়িত্ব পালনের জন্য হাবিবুল্লাহ যেভাবে পরিশ্রম করছেন, তা আমাদের সবার জন্য অনুকরণীয়।

হাবিবুল্লাহ বলেন, ইমামতির সম্মানী দিয়ে সংসারের খরচ চালানো কঠিন। পরিবারের দায়িত্ব তো পালন করতেই হবে। তাই অবসর সময়ে চা-কফি বিক্রি করি। কোনো কাজই ছোট নয়, হালালভাবে উপার্জন করাটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। মানুষের কাছে হাত পাতার চেয়ে নিজের পরিশ্রমে উপার্জন করে পরিবার চালাতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন