টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো রোডে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানার আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ২টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা অংশ নেন। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় এক ফায়ার ফাইটারসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তবে আগুন পুরোপুরি নির্বাপণের পর ডাম্পিংয়ের কাজ শেষ করতে আগামীকাল বৃহস্পতিবার পুরো দিনও কাজ করতে হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার সকাল সোয়া ১০টায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুনের সূত্রপাত হয়। টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর, ঢাকার উত্তরা, মিরপুর, কুর্মিটোলা ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ২১টি ইউনিট কাজ করে দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় কেমিক্যাল-জাতীয় কাঁচামাল, ইনজেকশন ও ওষুধের পাউডার ছিল, যা ছোট ছোট বিস্ফোরণের মাধ্যমে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস কারখানার (ইউনিট-২) চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল কালাম (৩৫) নামের এক ফায়ার ফাইটার এবং হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার শ্রমিক সাদেক হোসেন (৩৮) আহত হয়েছেন। তবে অপর আহত একজনের নাম জানা যায়নি।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, টঙ্গীর তিনটি ইউনিটসহ মোট ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও কাজ করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি থানার পুলিশও সহযোগিতা করছে। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন