পাঁচ বছরে থাকবে না কাঁচা রাস্তা

চাকরিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর

চাকরিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আমার দেশ

চাকরি দেওয়ার নামে ঘুষ বা প্রতারণায় জড়িত থাকলে নিজ দলের নেতার সঙ্গেও সেদিনই তার সম্পর্কের অবসান ঘটবে বলে ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং আগামী পাঁচ বছরের মধ্যে শৈলকুপা উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ ২০ অক্টোবর ২০২৬ বুধবার সকালে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

সভায় আসাদুজ্জামান বলেন, শৈলকুপার বিভিন্ন এলাকার সমস্যা ও সংকট চিহ্নিত করে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। জনগণের সেবায় তিনি ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন বলেও জানান।

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এলাকার অনেক স্কুল-কলেজে খেলার মাঠের সংকট রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করেও শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ তৈরিতে সহযোগিতা করা হবে।

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, তার রাজনৈতিক দলের কোনো নেতা চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ বা এ ধরনের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ওই নেতার সঙ্গে সেদিনই তার সম্পর্কের অবসান ঘটবে।

তিনি বলেন, একজন সাধারণ ভ্যানচালকের কথাও তিনি গুরুত্ব দিয়ে শোনেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এলাকার এমপি বা মন্ত্রী ঘুষের সঙ্গে জড়িত নন।

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তার নিজের দলের কোনো নেতার ডোপ টেস্টের ফল পজিটিভ এলে তার বিরুদ্ধেও কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, কোনো নেতা রাজনীতি, সমাজ ও দেশের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। এ ক্ষেত্রে কারাগারকেও ভয় পান না বলে মন্তব্য করেন তিনি।

শৈলকুপার যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলায় কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট না রাখার ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে মো. নজরুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে ভাটই হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জরিপ বিশ্বাস, কলেজের পক্ষে মো. শহিদুল ইসলাম এবং সাংবাদিকদের পক্ষে তাজনুল রহমান ডাবলু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক বক্তব্য দেন।

বক্তারা নিজ নিজ পেশার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।

পরে মন্ত্রী শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন