নারায়ণগঞ্জে ১৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ১৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান
হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কাজে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চলছে।

বিজ্ঞাপন

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পরিচ্ছন্ন বিদ্যালয় শুধু শিক্ষার অনুকূল পরিবেশই নিশ্চিত করে না, বরং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে শুধু একদিনের কর্মসূচি হিসেবে নয়, বরং নিয়মিত অভ্যাসে পরিণত করার লক্ষ্যেই উপজেলার সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ জানান, শিক্ষার্থীদের নিয়ে নিজেদের স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এতে করে বিদ্যালয়ের পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব। আমরা নিজেদের স্বার্থেই এই অভিযান অব্যাহত রাখবো।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন