নরসিংদীর শিবপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর কবির আহমেদ নামে ৩৫ বছর বয়সী এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার শিবপুর-জাল্লারা বাজার সড়কের ধনাইয়া এলাকায় নতুন সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবির উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে। তিনি শিবপুর বাজারের একজন কাপড় ব্যবসায়ী।
শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন কবির। কিন্তু বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। সকালে ধনাইয়া এলাকায় নতুন সেতুর পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্বজনরা জানান, রাতে বাড়ি যাওয়ার পথে কবিরকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি করেন।
এদিকে, হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

