গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত দুইজন। এরমধ্যে কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের চাপায় অটোরিকশার এক নারী ও শিশুসহ তিনজন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসচাপায় এক পথচারী মারা গেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানান, আজ রোববার ভোরে কোনাবাড়ী শিল্প এলাকায় দ্রুতগতির তাকওয়া পরিবহনের একটি মিনিবাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে এক নারী নিহত হয়। আহত হয় চারজন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এক শিশু মারা যায়, হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ মিনি বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসচাপায় অজ্ঞাত নামা এক পথচারী মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

