ভাগ্য ফেরাতে পাড়ি জামাতে চেয়েছিলেন স্বপ্নের দেশ ইতালিতে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়া চক্রের বন্দিশালায় প্রাণ গেলো শিবচরের সজিব সরদারের (২৮)।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামের যুবক সজিব সরদার। কয়েক দিন আগে ভাগ্য ফেরাতে স্থানীয় দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে যোগাযোগ করে ইতালি যাওয়ার উদ্দেশে রওনা দেন। লিবিয়া নেয়ার পরে দালালরা সজিব সরদারকে টাকার জন্য অমানবিক নির্যাতন শুরু করেন। দালালরা একটি গেমঘরে আটকে রেখে তার ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে অমানবিক নির্যাতনে সজিব সরদারের মৃত্যু হয়।
অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য স্থানীয় দালাল বোরহান মিয়া সজিব সরদারের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে ১৫ লক্ষ টাকা নেয়া হয়। পরে আরো ২৫ লক্ষ টাকা নেন। পরে বিভিন্ন সময় দালালদের চাহিদা মতো মোট ৪৬ লক্ষ টাকা পরিশোধ করা হয়। এর মধ্যে গতকাল খবর আসে সজিব সরদার লিবিয়ায় গেমঘরে দালালদের অত্যাচারে মারা গেছে। সজিব সরদার উপজেলার নিলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামের মো. চান মিয়া সরদারের ছেলে।
সজিবের বাবা চান মিয়া সরদার বলেন, 'আমাদের অভাব অনটনের সংসার। আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাকে বিক্রি করে দেয়া হয়। চার মাস আটকে রেখে মারধর করে। শিকল দিয়ে বেঁধে রাখে। মারতে মারতে আমার ছেলেটাকে গতকাল শেষ করে দিয়েছে। এখন আমাদের কিছুই বাকি রইল না। আমরা ছেলের জন্য এত টাকা দিলাম, তাও ছেলেটাকে ফেরত পেলাম না'।
নিহত সজিবের বোন শামীমা আক্তার বলেন, 'দালালের চাহিদা মতো দফায় দফায় ৪৬ লাখ টাকা দিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। বাবা জমিজমা বিক্রি করে দিছেন ভাইকে বাঁচানোর জন্য। সরকারের কাছে আবেদন, আমার ভাইয়ের লাশ যেন বাড়িতে আসে। আমরা দালাল বোরহানের ফাঁসি চাই!'
এ বিষয়ে যোগাযোগ করেও দালাল বোরহানকে পাওয়া যায়নি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, 'ঘটনাটি শুনলাম, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমি খোঁজ-খবর নিচ্ছি। লাশ আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

