আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

শনিবার (২১ মার্চ) ভোরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত জাকির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন।

এর আগে গত বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় একটি বহুতল ভবনের সামনে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে জাকির হোসেনসহ তিনজন দগ্ধ হন।

আহত অন্যরা হলেন রবিউল ইসলাম (২৫) ও ইয়াসিন (৩৭)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এর মধ্যে গত ১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন মারা যান। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের আলী হোসাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধ অপর আহত ব্যক্তি রবিউল ইসলামের অবস্থার বিষয়েও খোঁজখবর রাখা হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এলাকাবাসীর দাবি, জনবহুল এলাকায় স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন