টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলি বর্ষণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলি বর্ষণ

গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য হাজী বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় বিএনপি নেতার ছেলেসহ অন্তত চার জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বিজ্ঞাপন

আহতরা হলেন-টঙ্গীর দত্তপাড়া এলাকার হাজী বিল্লাল হোসেনের ছেলে আবির হোসেন আলোক (১৬), একই এলাকার আব্দুর রশিদের ছেলে রাহাত হোসেন (২৫), আউচ পাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে নাহিদুল ইসলাম (৩৫) ও দিঘির পাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে রিয়াজ।

ভুক্তভোগী যুবদল নেতা হাজী বিল্লাল হোসেন জানান, জমির ওয়ারিশ সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘ দিন যাবৎ একটি পক্ষের সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার তারা সমস্যা সমাধান করে জমি রেজিস্ট্রি করার কথা ছিল। কিন্তু বিভিন্ন অযুহাত দেখিয়ে তারা আসেন নি।

তিনি আরো জানান শুক্রবার রাত আটটার দিকে স্থানীয় আদনান খান, খোকন পাটোয়ারি, কাউসারসহ দেড় থেকে দুইশ সন্ত্রাসী নিয়ে তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তার ছেলে আবিরসহ কয়েকজন তাদের বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এসময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গুলির খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন