ঘটনা ধামাচাপা দিতে মাঠে ফেলে গেল লাশ

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিম পাড়ার হানিফ মিয়ার বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজারসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ভাড়াটিয়া তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে সকাল সাড়ে ১১টার দিকে পাশের মেধাবিকাশ স্কুল সংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে নিহত রানার লাশ ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন