রায়পুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

রায়পুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ
ছবি: আমার দেশ

নরসিংদীর রায়পুরায় হত্যাসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম মুন্সিকে (৪২) গ্রেপ্তারের পর থানায় ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হন এবং হামলাকারীরা আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন রায়পুরা থানার কনস্টেবল আব্দুল আলীম (৩৭)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হত্যাসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম মুন্সিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রায়পুরা থানার ১০ সদস্যের একটি দল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় অভিযান চালায়।

অভিযান শেষে তাকে আটক করে থানার উদ্দেশ্যে রওনা দিলে সায়দাবাদ ফেরিঘাট এলাকায় ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় কনস্টেবল আব্দুল আলীম ইটের আঘাতে আহত হন। এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম মুন্সিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত কনস্টেবলকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় ফিরে যান।

জানা যায়, আসামি সেলিম মুন্সি উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকার তাবু মিয়ার ছেলে এবং একটি হত্যাসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে সায়দাবাদ ফেরিঘাট এলাকায় তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে একজন পুলিশ সদস্য আহত হন এবং তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীর সংখ্যা ছিল ৪০ থেকে ৫০ জন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নুসরাত জাহান নিপা জানান, আহত পুলিশ সদস্য আব্দুল আলীমের বাঁ কাঁধে ইটের আঘাত লেগেছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে নারী-পুরুষ জড়ো হয়ে ভিড় সৃষ্টি করে। ওই ভিড়ের মধ্যেই আসামি পালিয়ে যায়।

তিনি আরও জানান, পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে সায়দাবাদ এলাকায় অভিযান চালানো হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন