ভাঙ্গায় লুন্ঠিত মোটরসাইকেলসহ ২ ডাকাত আটক

ভাঙ্গায় লুন্ঠিত মোটরসাইকেলসহ ২ ডাকাত আটক

ফরিদপুরের ভাঙ্গায় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল ও আকরাম শেখ নামের দু’ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ডাকাতির দায় স্বীকার করার পর আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে ভাঙ্গা ও শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবচর থেকে রাজু মন্ডলকে এবং তার দেয়া তথ্য ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর থেকে আকরাম শেখকে আটক করা হয়।

এ সময় লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

বিজ্ঞাপন

আটক ডাকাত ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডলের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ গ্রামে ও আকরাম শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ইহাট গ্রামে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ২১ জুন রাতে ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র মেহেদী হাসান ও সাগর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেল করে রাতের বেলায় ঢাকায় ফিরতে ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা আঞ্চলিক সড়কে পৌঁছালে তারা ডাকাতের কবলে পড়েন। অস্ত্রের মুখে ডাকাতরা তাদেরকে মারধর করে নগদ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোনসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার পথে দু’বন্ধুকে কলাগাছের সাথে বেঁধে রাখে। পরদিন ভোররাতে দু’বন্ধু কৌশলে পালিয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। এঘটনায় কলেজ ছাত্র মেহেদী হাসান ভাঙ্গা থানায় ডাকাতি মামলা দায়ের করার তিন দিন পর শিবচর থানা পুলিশের সহযোগীতায় এবং আধুনিক ট্রাকিং সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে দু’ডাকাতকে আটক করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গত তিন দিন আগে দু’কলেজ ছাত্রের লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার ও আটক দু’ডাকাত ফরিদপুর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে ডাকাতির দায় স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত আরো কয়েকজন ডাকাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন