কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃষিজমির মাটি কেটে বিক্রি, গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে একজনকে কারাদণ্ড ও বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেয়া হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর সৈয়দবস্তা এলাকায় এক্সকাভেটর (ভেকু) দিয়ে কৃষিজমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এতে একদিকে কৃষিজমির উৎপাদনক্ষমতা হুমকির মুখে পড়ছিল অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত গ্রামীণ সড়কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে শফিক মাদবরকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এক্সকাভেটর সরবরাহের দায় স্বীকার করায় কনেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মেম্বারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আরো এক অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে ডামুড্যা থানার একজন পুলিশ কর্মকর্তা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন