সরকারে না গিয়েও সব সুবিধা ভোগ করছে কিংস পার্টি: খোকন

সরকারে না গিয়েও সব সুবিধা ভোগ করছে কিংস পার্টি: খোকন

বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ (এনসিপি) সরকারে না গিয়েও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন।

বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তারা প্রটোকল পাচ্ছে, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে গিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছে।

খাইরুল কবির খোকন অভিযোগ করে বলেন, ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে দেশের প্রায় সব ধরনের ব্যবসা-বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক। আমরা লন্ডনে বসে সেই জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, যেটির জন্য ১৬ বছর জনগণের ভোটাধিকারের আন্দোলন করেছি।

তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক জনগণ। জনগণের সংগ্রাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।

জাতীয় নির্বাচন হওয়ার আগে নানা ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করে বলেন, এই ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আরেকটি ওয়ান ইলেভেন ঘটতে পারে।'

এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কমিটির প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক এ্যাড, জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন