তুহিন হত্যা মামলায় আরো তিনজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, গাজীপুর

তুহিন হত্যা মামলায় আরো তিনজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে শাহজালাল (২৫) এবং পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩)। এছাড়াও, সুমন নামে আরও এক আসামিকে চাপাতি ও সুইচ গিয়ারসহ গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই তুহিন হত্যায় সরাসরি জড়িত।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে এবং ফয়সালকে গাজীপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ের রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এই নিয়ে তুহিন হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন এবং আল-আমিন। তারাও তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন