ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এমসি বাজার এলাকা অতিক্রম করছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি রিকশাকে চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালের মৃত্যু হয়। রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, এমসি বাজার এলাকাটি সব সময়ই ব্যস্ত থাকে। এখানে বাজার ও বিভিন্ন দোকানপাট থাকায় মানুষের চলাচলও বেশি। কিন্তু অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। রিকশাচালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

