শিবালয় (মানিকগঞ্জ)

শিবালয়ে আওয়ামী পরিবার হতে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ


শিবালয়ে আওয়ামী পরিবার হতে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ
ছবি: আমার দেশ

শিবালয় উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ও এলাকাবাসীর সূত্রে এসব অভিযোগ উঠেছে।

জানা গেছে, শিবলয়ে ওই সার্কুলার জারি করে গত ২৯ জুলাই শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞাপন

সার্কুলার পেয়ে বিভিন্ন ইউনিয়নের ৫৫১ জন তথ্য সংগ্রহকারী ও ৬৩ জন সুপারভাইজার পদের জন্য মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করেন। ঐ দিনই মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণার কথা থাকলেও তার বারো দিন পর অর্থাৎ ১০ আগস্ট পরীক্ষার ফলাফল জারি করা হয়েছে।

চূড়ান্ত মনোনীত ৬৬ জন ও অপেক্ষমাণ ৭৩ জন এবং সাতজনকে রিজার্ভ রেখে মোট ১৪৬ জনকে ফলাফলে উত্তীর্ণ করানো হয়েছে। ফ্যামিলি কার্ড স্বেচ্ছাসেবী নিয়োজিত উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, সদস্য সচিব সমাজসেবা অফিসার জয় কৃষ্ণ সরকার, সদস্য উপজেলা সমবায় অফিসার সরস্বতী রানী দাস ও আইসিটি অফিসার আখতারুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, সাংস্কৃতিক সম্পাদকসহ আওয়ামী লীগের সক্রিয় সদস্যদের সন্তানদের নাম উত্তীর্ণ তালিকা রয়েছে।

এছাড়াও ফ্যাসিস্ট শেখ হাসিনা শিবালয় থানা আওয়ামী লীগের সাবেক সভাপতির মৃত্যুতে যার বাড়িতে এসেছিলেন, সেই বাড়ির সন্তানদের নামও উত্তীর্ণ সুপারভাইজারের নামের তালিকায় দেখা গেছে।

শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চূড়ান্ত মনোনীত ৬৬ জন তথ্য সংগ্রহকারীর ভিতর ১৪ জন, ৭৩ জন অপেক্ষমাণ তথ্য সংগ্রহকারী তালিকার মধ্যে ১৭ জন এবং রিজার্ভ সাতজনের ভিতর তিনজন আওয়ামী পরিবারের সক্রিয় নেতা কর্মী ও সদস্যদের সন্তানাদি।

এছাড়া উত্তীর্ণ ১৩ জন সুপারভাইজার এর মধ্যে তিনজন আওয়ামী পরিবারের সক্রিয় সদস্যর সন্তান। তাছাড়াও তথ্য সংগ্রহকারী পদে উথলী ইউনিয়নের গৃহবধূকে শিবালয় ইউনিয়নে উত্তীর্ণ দেখানো হয়েছে।

এসব বিষয়ে ফ্যামিলি কার্ড শুমারি কমিটির সদস্য সচিব জয় কৃষ্ণ সরকার বলেছেন, আমি শিবালয় উপজেলায় নতুন যোগদান করেছি। এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই।

একই বিষয়ে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেছেন, যাচাই-বাছাই করে মেধা অনুযায়ী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ কমিটিতে মাননীয় সংসদ সদস্যর দুজন মনোনীত সদস্য ছিলেন।

তাছাড়াও ডিজিএফআই দিয়ে তদন্ত করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন