গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই আনসার সদস্য ও এক কিশোরীসহ তিন জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ব্যাটেলিয়ন আনসার সদস্য ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বামনদি গ্রামের আ. খালেক মোল্লার ছেলে মো. জামাল মোল্লা ও সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৮) ও শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)। এর মধ্যে আমেনা খানমের বাম পায়ে এবং আনসার সদস্যদের চোখের উপরে হালকা জখম হয়।
ঘটনার খবর শুনার সাথে গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ মোবাইল টিমের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।
আরামবাগ এলাকার ভোটার অবিনাশ সরকার বলেন, হঠাৎ কেন্দ্রের মধ্যে বিকট শব্দ ও ধোয়া সৃষ্টি হয়। মনে হলো দুর থেকে কেউ ককটেল জাতীয় কিছু একটা ছুড়ে মেরেছে। পরে দেখলাম একটি কিশোরীর মেয়ের বামপায়ে ও দুইজন আনসার সদস্যের চোখের উপরে কিছু একটা লেগে জখম হয়েছে। মূলত ভোটার যাতে কেন্দ্রে না আসে, ভীতি সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছিলো। সকাল সোয়া ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটে উপর একটি একটি ককটেল বিস্ফারণ ঘটানো হয়েছে। এতে কেন্দ্রের ভিতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও একটি কিশোরী মেয়ে সামান্য আহত হয়েছেন। তবে, ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।
এরআগে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রা. বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দু-বাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ অন্তত ১০টি ভোট কেন্দ্রে ও এর আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

