গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন খালে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) ও কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৪)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক সদর উপজেলার শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। কাজুলিয়া এলাকায় নসিমন চালক একটি ভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে সদানন্দ ও নিরঞ্জন নিহত এবং অপর তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

