আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার, আটক ৩

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার, আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোরে এ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নড়িয়া থানা সূত্র জানায়, পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য আসে পুলিশের কাছে।

ওই এলাকার পেদা মসজিদের বারান্দাঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই স্থান থেকে কয়েকটি টেটা, রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা(১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে।

উদ্ধার হওয়া ককটেল, ধারালো অস্ত্র ও আটক তিন ব্যক্তিকে নিয়ে সকাল ৮টার দিকে নড়িয়া থানায় আসেন উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার। তিনি বলেন, একটি মসজিদঘরের বারান্দা ও স্থানীয় তিন ব্যক্তির বাড়িরঘর থেকে ১২টি বালটিতে রাখা অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের আগস্ট মাসে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ওই ককটেলগুলো পুলিশের এন্টিটেররিজম ইউনিটের সদস্যরা  নিষ্ক্রিয় করেন। নড়িয়ার পোড়াগাছার পাশের গ্রাম জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত তিন দিনে নড়িয়ার আরো তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া (ওসি) বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাচ্ছি। অনেক সময় আমাদের কাছে গোপন সংবাদ আসে, নাশকতার জন্য নানা ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। তখনই সেখানে অভিযান চালানো হয়। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে। পোরাগাছা এলাকা থেকে যে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, ওই ঘটনায় মামলা দায়ের করা হবে। আর ঘটনাটি ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে এসব ককটেল কী উদ্দেশ্যে কারা রেখেছিল, তা খোঁজা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...