নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর মিতু ভূইয়ার একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয়রা ভুট্টাক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতে কেউ এখানে লাশটি রেখে গেছে।
পুলিশ জানায়, নিহতের পকেটে থাকা এনআইডি কার্ডের ফটোকপিতে তার নাম সাইফুল ইসলাম। পিতার নাম হেলাল উদ্দিন। গ্রাম কালিয়াব আড়াল বাজার, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লাশটি দেখে স্থানীয় ইউপি সদস্য সারোয়ারুল খবর দেয়। এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

