সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় ২০ জন ছাত্র আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)। ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগর সদর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র-জনতা ভাঙচুর করতে যায়। এ সময় মসজিদে মাইকিং করা হয় এলাকার ডাকাত এসেছে, ডাকাত, ডাকাত বলে চিৎকার দেয়। এরপর মোজাম্মেল হকের সমর্থকরা ছাত্র-জনতাকে ধাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

