পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিলেন এমপি

পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিলেন এমপি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের বাস টার্মিনাল ও ফেরিতে চাঁদাবাজিসহ নানা ঘাট অব্যবস্থা বন্ধে স্থানীয় পুলিশ-প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংশ্লিষ্টরা ইচ্ছেমতো সরকারি জায়গা ভাড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যত্রতত্র বাস এলোমেলো করে রাখার কারণে দূরদূরান্তের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফেরিতে মাদক ও জুয়ার আড্ডা বসে। সড়ক ও জনপথের জায়গা কিছু মানুষ দখল করে রয়েছে।

এ বিষয়ে আমি ইতিপূর্বে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের বলেছি। আমি আর এ বিষয়ে কোনো কথা শুনতে চাই না। শিবালয় থানার ওসি, নৌ-ওসি, হাইওয়ের ওসি এবং ইউএনওকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য।

বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঘাটের অব্যবস্থাপনা রোধে যদি পুরো ঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন না করেন তাহলে আমার ব্যক্তিগত তহবিলের টাকা দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেব।

এ ছাড়া ঘাট এলাকায় মাদক, ছিনতাই ও বাসগুলোতে চাঁদাবাজি ও অরাজকতার বিষয় তুলে ধরে ব্যবস্থা নেওয়ার জোর নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।

আইন-শৃঙ্খলা সভা শেষ ৪০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় ২৮ হাজার টাকা মূল্যের পেঁয়াজ সংরক্ষণের উপকরণ বিতরণ করেন। পাশাপাশি নদী-ভাঙন কবলিতদের মাঝে টিন ও শুকনো খাবার তুলে দেন তিনি।

এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার, ওসি মো. আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সব দপ্তরের প্রধানগণসহ বিএনপি ও তার সব অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন