আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খাদেম হত্যার অভিযোগে অস্ত্রসহ সুরেশ্বর পীর শাহীন নূরী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

খাদেম হত্যার অভিযোগে অস্ত্রসহ সুরেশ্বর পীর শাহীন নূরী গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আলোচিত সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলায় অস্ত্রসহ সুরেশ্বর পীর শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার ভোরে এক অভিযানে সুরেশ্বর দরবার শরীফ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এসময় হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে তার কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে শাহীন নূরীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহীন নূরীর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, শটগানের ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিভিআর, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি বাটন মোবাইল ফোন এবং দুটি স্লিং শট রাইফেল উদ্ধার করা হয়েছে। এছাড়া শটগানের বিভিন্ন অংশ ও একটি বক্স জব্দ করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, নিহত জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার গত ২৫ অক্টোবর নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন বিকেলে জয়নাল সরকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তার বাসা থেকে গাড়িতে করে মরদেহ ঘটনাস্থলে ফেলে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...