ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৫

ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৫

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল (কাঁদুনে গ্যাস) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের সঙ্গে থেমে থেমে এই সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শ্রমিকদের আন্দোলন সামাল দিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বুধবার সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাকশ্রমিকেরা পুনরায় জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা মূল সড়কে আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে তারা সড়ক অবরোধ করতে ব্যর্থ হন।

পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বড় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকেরা কাজের উদ্দেশ্যে কারখানায় আসেন। কিন্তু কাজের স্থান ত্যাগ করে তারা সড়কে নেমে অবরোধ করার চেষ্টা চালান। আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা সে কথা না শুনে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ বাধ্য হয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ফলে শ্রমিকেরা মহাসড়কে দীর্ঘ সময় অবস্থান নিতে পারেননি।

সার্বিক পরিস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা আগে থেকেই কঠোর অবস্থান নিয়েছি। শ্রমিকেরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য আমরা কোথাও তাদের জড়ো হতে দিইনি। এ ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন