ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাজধানীগামী যানবাহনের চাপ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাজধানীগামী যানবাহনের চাপ

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। শনিবার সকালে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর দিকে যাচ্ছে দূরপাল্লার বাস। একই সঙ্গে লোকাল বাসগুলোতেও ছিল উপচে পড়া ভিড়।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা, সূর্যনগর, পাচ্চর ও নাওডোবা স্টপেজে সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে। বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য থ্রি-হুইলারযোগে এসে মহাসড়কের যাত্রীছাউনিগুলোতে ভিড় করছেন।

সূর্যনগর স্টপেজে রহিমা আক্তার বলেন, সকাল থেকেই প্রচুর ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা প্রায় সব বাসই যাত্রীতে পরিপূর্ণ। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও বসার মতো কোনো সিট পাওয়া যাচ্ছে না।

পাচ্চর গোলচত্বর এলাকায় অপেক্ষমাণ আরেক যাত্রী মো. জালাল মিয়া বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের ছুটি প্রায় শেষ দিকে, তাই আগেভাগেই ঢাকায় ফিরছি। পরিবারকে আপাতত বাড়িতেই রেখে যাচ্ছি। কয়েক দিন বাড়িতে কাটানোর পর আর কর্মস্থলে ফিরতে মন চায় না। কিন্তু দায়িত্বের কারণে যেতে হচ্ছে। আজকে যাত্রীদের ভিড় এত বেশি যে বাসে খালি সিট পাওয়া কঠিন হয়ে পড়েছে।

শনিবার সকালে শিবচরে এক্সপ্রেসওয়ের অংশে বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংখ্যাও বেড়েছে। ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বেশি থাকলেও দক্ষিণাঞ্চলগামী লেনেও স্বাভাবিকের তুলনায় বেশি যান চলাচল করছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার সকাল থেকেই অনেকটা চাপ বেড়েছে। আগামী দুই থেকে তিন দিন আরো বাড়তে পারে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। অতিরিক্ত টহল টিমও কাজ করছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...