ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইমুনা আক্তার মৌ (১৯) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাইমুনা আক্তার মৌ, বাগাট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী, এবং বাগাট বিশ্বাসপাড়া গ্রামের মো. বাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বাড়ীর নতুন নির্মিত ঘরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মাইমুনা। ভোররাতে তার মা আসমা খাতুন পাশের কক্ষে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় মৌকে ওড়না কেটে নিচে নামান। এ সময় মেয়েটির কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখাটির বিষয়ে বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম শিকদার ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

