মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন এবং আলামিন (৩২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরংগাইল–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে মো. আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

