শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্তের ঘোষণা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
শনিবার বিকেলে এ ঘোষণা দেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। এর আগে, দুপুরে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলা হয়। পরে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট’র ডাক দেন নেতারা।
সমাবেশে বক্তারা সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক এ মোজাম্মেল হক, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, রাসেলসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানান।
শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক এ মোজাম্মেল হকের বাড়ির সামনে হামলায় ১৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় রাজপথে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

