নিজের গাড়ি চলাচলের পথ সুগম করতে রাস্তার গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার পথ সুগম করতে এসব গাছ কাটেন। বিষয়টি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত থাকবে।
উল্লেখ্য, হাওর অধ্যুষিত মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেশ কিছু মেহগনি গাছ রোপণ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে প্রায় ২০টি গাছ কাটা হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

