নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। কড়ইতলা তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মধ্যে আনুমানিক একজন ৫০ বছর বয়সী নারী এবং ৪৫ বছর বয়সী নারী রয়েছেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, আমরা সরকারি হাসপাতালে গিয়ে আহত ৫ জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজন মারা গেছেন। দুজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

