বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আগে ধরতে হবে। কোনোভাবেই তাকে ক্ষমা করা হবে না, সুযোগ দেয়া হবে না। মাদক যে বিক্রি করে এবং যিনি সেবন করে উভয়কেই ধরতে হবে। অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা বাড়িঘরের ফলে অনেক স্থানে লাশ নিয়ে চলাচল করা মুশকিল। তাই পর্যাপ্ত জায়গা রেখে বাড়ি ঘর তৈরি করতে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মাদক যেখানে থাকবে তাকে ধরতে হবে। ভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও তার নির্বাচনী এলাকার ৩টি ইউনিয়নের স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

