গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক কভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় বিআরটি উড়াল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শাকিল (২৭) নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে। আহতরা হলেন—ট্রাকের চালক রনি মিয়া (৩০) ও তার সহযোগী রুবেল (৩২)। তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদেরপুর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কভার্ড ভ্যান সরিয়ে নেয়।
পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি ট্রাক স্টেশন রোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়ক দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে দিয়ে নামার সময় সড়ক বিভাজকে আটকে যায়। এতে ট্রাকের চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। এর পরই দ্রুতগতির একটি কভার্ড ভ্যান সড়ক বিভাজকে আটকে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৪টার দিকে কভার্ড ভ্যানের সামনের অংশ কেটে চালক সাইফুল ইসলাম শাকিলের লাশ উদ্ধার করেন এবং এর আগে ট্রাকের চালক ও সহযোগীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হতাহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

