বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা মোটরসাইকেলে করে জালকুড়ি ঝুটপট্টি এলাকা অতিক্রম করার সময় একইমুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় স্লিপ করে পড়ে যায় এবং তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত মাসুম বিল্লাহ (২৭) পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি একটি কয়েল ফ্যাক্টরির মালিক ও কাঁচা তরকারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

অন্যদিকে নিহত আব্দুল কাদির চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...