প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে সাজসাজ রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে সাজসাজ রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী রোববার কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ত কর্মসূচি নিয়ে তাঁর এই সফর ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান, মৎস্য খাতের বিভিন্ন কর্মসূচিসহ নানা আয়োজন রয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে। তাঁর সফরকে ঘিরে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশাও অনেক।

রোববার সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছে দিনের শুরুতে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই এলাকায় পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সফরের শেষভাগে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে বিভিন্ন অনুদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেলার সার্বিক উন্নয়ন। অবকাঠামো, যোগাযোগ, কৃষি ও মৎস্য খাতে নতুন উদ্যোগ চান জেলার মানুষ। ফ্যামিলি কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বরণে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আন্দোলন-সংগ্রাম ও দুঃসময়ে কিশোরগঞ্জের মানুষ বিএনপির পাশে ছিল উল্লেখ করে জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আশা প্রকাশ করেন, যোগাযোগ, চিকিৎসা, কৃষি, মৎস্য ও অবকাঠামো উন্নয়নের দীর্ঘদিনের দাবি পূরণে প্রধানমন্ত্রী কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন