সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চারজন মাদক কারবারিক আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি জানায়, সোমবার রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় কাভার্ড ভ্যানের পেছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলামকে (৩৬) আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা তিনজনকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন