টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ

টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ
টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা।

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ চালুর দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।

বিজ্ঞাপন

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালপুর সাহারা মার্কেট এলাকায় তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের গ্রাহকেরা।

কর্মসূচিতে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, আব্দুল মান্নান, মো. লিটন মিয়া ও মোস্তফা জামান।

এ সময় আমান উল্লাহ, আব্দুস সালাম মাদবর, সুন্দর আলী, মাওলানা শরিফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ হাসান, বিউটি আক্তার, কথামনি, হালিমা আক্তার, উম্মে সালমা, খাজিদা আক্তার, রেশমা আক্তার, কল্পনা খাতুন, প্রীতি আক্তার, তিথি বেগম ও সাবিয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা বলেন, তারা নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস কোম্পানি বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। এতে এলাকার হাজারো চাকরিজীবী নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুরা রান্নাবান্না করতে পারছেন না। গ্যাসের সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

তারা আরো বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে তারা বাধ্য হয়ে ‘নো গ্যাস, নো বিল’ নীতি গ্রহণ করবেন। একই সঙ্গে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেন, চট্টগ্রামের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হলে গ্যাসের চাপ বাড়বে এবং সংকটের সমাধান হবে।

পরে তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন