আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে।
রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির বাদী ইয়াসিন ফকির মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক রাইসা সরকার মামলাটি প্রত্যহারের আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে গত ৬ জুলাই আমার দেশ-এ সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ঠিকাদার ইয়াসিন ফকির ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
ঠিকাদার ইয়াসিন ফকির বলেন, আমি উপলব্ধি করেছি, মামলাটি ভুল ছিল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের আবেদন করি আদালতে। আদালত তা আমলে নেয়।
মামলা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ বলেন, জনস্বার্থে সত্য সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছিল।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

