মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল হিসেবে পরিচিত মোল্লাকান্দি ইউনিয়নে বেহেরকান্দি ও মুন্সীকান্দিতে স্বতন্ত্র ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ছড়রা গুলিবিদ্ধ মুন্সীকান্দি গ্রামের নজরুল সরকারের পুত্র লিজান সরকার (২০), জালাল সরকারের পুত্র মনির হোসেন সরকার (৬০) এবং দিদার দেওয়ানের পুত্র ফাহিম দেওয়ান (২১) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আন্যান্যরা হলেন ফয়সাল, নীরব এবং ইকরাম।
শনিবার দুপুর ১২ টায় এ সংঘর্ষের ঘটনায় বিপুল পরিমান ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এক পক্ষ অপর পক্ষের ওপর ছড়রা গুলি ও ককটেল হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
সহকারী রিটানিং অফিসার ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান আমার দেশকে জানান, এলাকার সেনাবাহনীর, বিজিবি এবং পুলিশ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দুস্কৃতিকারীদেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের পূর্ব বিরোধ ছিল।
নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

